প্রায় সাড়ে ৩ মাসেও নিষেধাজ্ঞা বহাল: আপিল বিভাগে ঢুকতে পারছেন না সাংবাদিকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:৪০

প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ফলে সংবাদ সংগ্রহে মারাত্মক বাধার মুখে পড়ছেন গণমাধ্যমকর্মীরা।

শুধু আপিল বিভাগ নয়, হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চেও সাংবাদিকদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এ নিয়ে একাধিকবার প্রধান বিচারপতির দপ্তরে যোগাযোগ করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান মেলেনি।

জানা গেছে, গত ৭ জানুয়ারি প্রধান বিচারপতির এজলাসে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হন সাংবাদিকরা। এরপর ২১ জানুয়ারি নিরাপত্তার অজুহাতে আইনজীবী ছাড়া অন্যদের আদালতে প্রবেশ সীমিত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই সিদ্ধান্তের প্রভাব এখনো বহাল রয়েছে।

সম্প্রতি ২০ এপ্রিল একটি সাংবিধানিক মামলার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের মূল আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলা হয়। এ পরিস্থিতিতে প্রবেশাধিকার চেয়ে দুই দফায় চিঠি দেয়া হলেও কোনো সাড়া পাননি তারা।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, “স্বাধীন গণমাধ্যমের অবাধ কাজের সুযোগ থাকা উচিত।”সাংবাদিকদের এই সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট মহলে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আইন ও বিচার সংক্রান্ত সংবাদ কাভার করা সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ অভিযোগ করেন, বারবার আবেদন জানানো হলেও কোনো সাড়া যায়নি।তার মতে, আপিল বিভাগে প্রবেশাধিকার না থাকলে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরাও। তাদের মতে, গুরুত্বপূর্ণ অনেক মামলার শুনানি উন্মুক্তভাবে প্রচার হওয়া সত্ত্বেও আদালতে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ার যৌক্তিকতা স্পষ্ট নয়।

সিনিয়র আইনজীবীরা মনে করেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। তাই সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি হলে তা বিচারব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ অবস্থায় দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট এক কর্মকর্তা, তবে সমস্যার একটি ইতিবাচক সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত