বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১৮:০৮ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৬, ০২:১২

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পল কাপুর। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পল কাপুরের যোগ দেওয়া নিয়ে আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেওয়া হয়।

পোস্টে পল কাপুরের বক্তব্য রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাসে আয়োজিত দেশটির জাতীয় দিবসের সংবর্ধনায় অংশ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বক্তব্য রেখেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পল কাপুর দুই দেশের সম্পর্কের গুরুত্বসহ ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত