ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান

  লিটন মাহমুদ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ |  আপডেট  : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯

মুন্সীগঞ্জ–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন বলেছেন, মন্ত্রীত্ব নয়, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নেই মনোযোগ দিতে চান।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। মন্ত্রী হওয়া সম্মানের হলেও সেটি তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি বলেও উল্লেখ করেন।

বুধবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এই সংসদ সদস্য এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সহ-সভাপতি রশীদ আহমদ, সহ আরো অনেকে।

সাংসদ রতন আরও জানান, ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে সম্মান করা ও সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছেন। নির্বাচনের আগে তিনি কখনও মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেননি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চান না।

এমপি রতন বলেন, তিনি কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। যদি কখনও ভুল করেন বা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানান।
সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে চলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পদমর্যাদার চেয়ে দায়িত্ব পালনই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত