মাদক পাচার ঠেকাতে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২৬, ১৯:৪০ | আপডেট : ৬ আগস্ট ২০২৬, ২৩:১১
মাদকদ্রব্যের অবৈধ পাচার, অপব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে বাংলাদেশ ও পাকিস্তান নতুন সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়েছে। শুক্রবার রাজধানীর একটি অনুষ্ঠানে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় মাদক পাচার, সাইকোট্রপিক পদার্থের অপব্যবহার এবং মাদক সংশ্লিষ্ট অর্থপাচার রোধে দুই দেশ যৌথভাবে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্য আদান-প্রদান, প্রযুক্তিগত সহায়তা এবং বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়েও একমত হয়েছে উভয় পক্ষ।
সমঝোতা অনুযায়ী, মাদক পাচারের নতুন কৌশল, রুট এবং সংশ্লিষ্ট অপরাধী চক্র সম্পর্কে নিয়মিত তথ্য বিনিময় করা হবে। এছাড়া যৌথ গোয়েন্দা অভিযান ও ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’ পরিচালনায়ও পারস্পরিক সহযোগিতা থাকবে।
মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং গবেষণালব্ধ তথ্য বিনিময়ের উদ্যোগও এই চুক্তির অন্তর্ভুক্ত। একই সঙ্গে লুকানো মাদক শনাক্তে আধুনিক প্রযুক্তি ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতা ভাগাভাগি করবে দুই দেশ।
চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের অ্যান্টি নারকোটিকস ফোর্স (এএনএফ) নির্ধারিত ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে।
এছাড়া আদান-প্রদান করা সব তথ্য ও নথির গোপনীয়তা বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা যাবে না বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
স্বাক্ষরের দিন থেকে এই সমঝোতা ১০ বছর কার্যকর থাকবে। প্রয়োজন হলে ভবিষ্যতে পারস্পরিক সম্মতিতে এর মেয়াদ আরও বাড়ানো যাবে। দুই দেশের মতে, এ উদ্যোগ মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত