মাদানীর বিরুদ্ধে আরেকটি মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৬:১৬ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ২০:৩৩

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় আরও একটি মামলা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) সকালে গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের মারকাজুল নূর আল ইসলামিয়া মাদরাসায় বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন রফিকুল মাদানী। এছাড়া কয়েকজন বক্তা ওয়াজ মাহফিলের নামে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন, তাদের অন্যতম রফিকুল মাদানী। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতার পেছনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে মাদানীর বক্তব্য। 

৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরদিন র‍্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, রফিকুলের বিরুদ্ধে বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে রোববার একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত