মিলির লড়াইও থামাতে পারল না কোরিয়াকে, বড় হার বাংলাদেশের

  ক্রীড়া প্রতিবেদক-

প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১০:৪৩ |  আপডেট  : ৬ মার্চ ২০২৬, ১৬:৪৩

এএফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলে হেরেছে বাংলাদেশ। পুরো ম্যাচে দাপট ছিল উত্তর কোরিয়ার। বাংলাদেশ তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় উত্তর কোরিয়া। প্রথম পাঁচ মিনিটেই কয়েকবার বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে তারা। তবে শুরুতে গোল পায়নি।

৬ মিনিটে বড় সুযোগ পায় উত্তর কোরিয়া। ফরোয়ার্ড হান জিন হং একা গোলের সামনে চলে যান। কিন্তু দারুণ সেভ করে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মিলি।

১১ মিনিটেও আবার আক্রমণে আসে উত্তর কোরিয়া। এবারও হান জিন হংয়ের শট ঠেকিয়ে দেন মিলি। তার নৈপুণ্যে তখনও সমতায় ছিল ম্যাচ।

১৪ মিনিটে বল বাংলাদেশের জালে জড়িয়েছিল। গোলটি করেন কিম কিয়ং–ইয়ং। তবে ভিএআর দেখে রেফারি হ্যান্ডবলের কারণে গোল বাতিল করেন। এতে বিপদ থেকে বাঁচে বাংলাদেশ।

২৬ মিনিটে কর্নার থেকে হেড করেন হ্যান ঝিং হং। সেই বল ঠেকান মিলি। পরে মিলির হাতে থাকা বল থেকে শট নিয়ে গোল করেন মিয়ং ইয়ো–ঝং। কিন্তু ভিএআর দেখে সেই গোলও বাতিল করেন রেফারি।

৩১ মিনিটে আবার বাংলাদেশের জালে বল যায়। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অফসাইডে পড়েন কিম কিয়ং–ইয়ং।

৩৮ মিনিটে আবার সুযোগ আসে উত্তর কোরিয়ার সামনে। কিম কিয়ং–ইংয়ের হেড পোস্টে লেগে ফিরে আসে। এতে আরেকবার বেঁচে যায় বাংলাদেশ।

৪৩ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন নবীরন। এর আগে ৯ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন শামসুন্নাহার।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে তিনটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। স্বপ্না রাণী, আনিকা রানিয়া ও উমহেলা মারমাকে মাঠে নামানো হয়। তুলে নেওয়া হয় তহুরা খাতুন, আইরিন খাতুন এবং শামসুন্নাহার জুনিয়রকে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অবশেষে গোল পায় উত্তর কোরিয়া। বক্সের ভেতর আফঈদা প্রতিপক্ষের খেলোয়াড় হং সংয়ের জার্সি টেনে ধরলে পেনাল্টি পায় তারা। সেই পেনাল্টি থেকে গোল করেন মিয়ং ইউ–ঝং। দুই মিনিট পর ব্যবধান বাড়ান কিম কিয়ং–ইয়ং।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে উত্তর কোরিয়া। তারা একের পর এক আক্রমণ চালায়। বাংলাদেশ রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে।

৬২ মিনিটে তৃতীয় গোল করে উত্তর কোরিয়া। গোলটি করেন চা উন–ইয়ং। গোলরক্ষক এগিয়ে আসার সুযোগ কাজে লাগান তিনি।

এর দুই মিনিট পর আবার গোল পায় উত্তর কোরিয়া। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কিম কিয়ং–ইয়ং।

ম্যাচজুড়ে দারুণ খেলেছেন বাংলাদেশের গোলরক্ষক মিলি। তিনি অনেকবার নিশ্চিত গোল ঠেকিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী তিনি পাঁচটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচিয়েছেন।

তবে শেষ রক্ষা হয়নি। ৯০ মিনিটে হেড থেকে পঞ্চম গোল করেন কিম হায়ে–ইয়ং। এতে বড় ব্যবধানে হার নিশ্চিত হয় বাংলাদেশের।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত