মুহূর্তেই পুড়ে গেল সব: কালকিনিতে আগুনে ঘরবাড়ি ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি  

  এসআর শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৯ জুন ২০২৬, ১৪:৪৮ |  আপডেট  : ৮ আগস্ট ২০২৬, ০৮:৪২

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গবাদি পশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে কালকিনি উপজেলার উত্তর চর আইর কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদারের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এবং খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত