মেলান্দহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১ | আপডেট : ৯ আগস্ট ২০২৬, ০৩:০৮
জামালপুর জেলার মেলান্দহে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নূরনবী হোসেন (৩৭) খুন হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে জান্নাতুল (১৪) ও তার আরেক বড় ভাই বিল্লাল হোসেন (৪৫) আহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ পৌরসভার দেওলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরনবী হোসেন ওই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নূরনবী হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই মো. আলম মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল । আজ সোমবার সকালে নূরনবীর ছোট মেয়ে তার দাদি বেলাতন বেগমের কাছে গেলে আলম মিয়া তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে আলম মিয়া দৌড়ে গিয়ে ঘর থেকে একটি ছুরি এনে নূরনবীর পেটে আঘাত করেন। এতে নূরনবী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গেলে বড় ভাই বিল্লাল ও নূরনবীর মেয়ে জান্নাতুল আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নূরনবী হোসেন মারা যান।
নিহতের স্ত্রী শাপলা বেগম বলেন, 'ঘর থেকে দৌড়ে গিয়ে ছুরি এনে আমার স্বামীর পেটে মারে। আমার বাচ্চা ছাড়াতে গেলে তাকেও মারছে। আল্লাহ, আমার এখন কী হবে..! আমার তিনটা মেয়ে আমি এখন কী করব..! আমাকে বন্যায় ভাসিয়ে গেল.। আমি এর বিচার চাই।'
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, 'নিহত ও অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্ত আলম মিয়া পরিবার নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত