মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের স্বীকারোক্তি: ‘যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ | আপডেট : ৪ এপ্রিল ২০২৬, ০২:১২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান-এর আকস্মিক বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন লিগের চেয়ারম্যান অরুণ ধুমাল। পুরো ঘটনাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআই-এর নির্দেশে মোস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়ার মাস দুয়েক পর এই মন্তব্য করলেন তিনি।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
তিনি বলেছেন, “যা ঘটেছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না।”
গত ডিসেম্বরের নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯.৫ কোটি রুপিতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে দলে নেয়। কিন্তু জানুয়ারিতে ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এ বিষয়ে ধুমাল বলেন, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সরকারি হস্তক্ষেপ ছিল—এমন ধারণা সঠিক নয়। “ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো ভূমিকা নেই। তবে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়,” যোগ করেন তিনি।
মোস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেট সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, যা এখনো পুরোপুরি থামেনি।
উল্রেখ্য, গত জানুয়ারিতে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে নজিরবিহীন ফাটল দেখা দেয়, যার ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার পাশাপাশি তৎকালীন সরকারের সিদ্ধান্তে জাতীয় দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা নাকচ হয়ে যায়, যার চূড়ান্ত পরিণতিতে বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে পড়া বাংলাদেশের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।
শুরু থেকেই কেকেআর দাবি করে আসছিল, বিসিসিআইয়ের সরাসরি নির্দেশনার কারণেই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আইপিএল চেয়ারম্যানের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত