মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত,আহত ৩
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৭:০২ | আপডেট : ১০ জুন ২০২৬, ২৩:৩৮
রাজশাহীর মোহনপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১০ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা মারুফ হোসেন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তবে আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি। এঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এসময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা মো. মারুফ হোসেন। এদিকে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যাত্রীবাহী সিএনজির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলে একজন মারা গেছেন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত