‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী রাজশাহীর মেয়ে বিদুষী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ | আপডেট : ৪ এপ্রিল ২০২৬, ১৬:২৮
দেশের জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি।
বর্ণিতার হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশ-এর প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতা রায়হান রাফী।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল, তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা, তার পুরস্কার তিন লাখ টাকা।
চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ প্রতিযোগী— আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
দীর্ঘ সাত বছর পর আবার আয়োজন করা হয় ‘লাক্স সুপারস্টার’। ২০০৫ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত হওয়ার পর বন্ধ হয়ে যায়; সর্বশেষ ২০১৮ সালে এটি অনুষ্ঠিত হয়েছিল।
এবারের আসরের মেন্টর হিসেবে ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং রায়হান রাফী।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে ওয়েব সিনেমা নির্মাণ করবেন শিহাব শাহীন।
চূড়ান্ত পর্বটি সঞ্চালনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানে পারফর্ম করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ আরও অনেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত