সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো: আল–জাজিরাকে মির্জা ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ |  আপডেট  : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সম্প্রতি প্রকাশিত ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, ক্ষমতার পরিবর্তনের পর কিছু সহিংসতা বা সমস্যা তৈরি হয়েছে-তবে সেগুলো সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। তিনি বলেন , “বাংলাদেশে যেসব ঘটনা ঘটে, সেগুলোকে ভারতীয় কিছু গণমাধ্যম সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরে। কিন্তু বাস্তবে এগুলো রাজনৈতিক সংঘাতের অংশ।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে হামলার শিকার হন, সেটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে দেখার সুযোগ নেই; বরং তা রাজনৈতিক দ্বন্দ্বের ফল।

সাক্ষাৎকারে বিএনপির আদর্শগত অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলটি ধর্মনিরপেক্ষতার বদলে সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলমান। এই বাস্তবতায় ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি দেশের রাজনীতির জন্য উপযোগী নয় বলে মনে করেন তিনি। তবে অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করা হলে কোনো সমস্যা থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এ সময় আল–জাজিরার পক্ষ থেকে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রসঙ্গ তোলা হয়। জবাবে মির্জা ফখরুল বলেন, তিনি এমন মূল্যায়নের সঙ্গে একমত নন এবং কোথাও এ ধরনের তথ্য দেখেননি বলে দাবি করেন।

সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের জরিপ ও বিএনপি–জামায়াত সমর্থকদের প্রতিশোধমূলক হামলার অভিযোগের প্রসঙ্গ তুললে তিনি তা ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেন।

এদিকে, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ‘জুলাই অভ্যুত্থানের’ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কি না-এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে তাঁর পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি দাবি করেন, লন্ডন থেকে দেশে ফেরার দিন তারেক রহমানকে ঘিরে ব্যাপক জনসমাগম হয়েছিল এবং সেখানেই তিনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।

সাক্ষাৎকারে তারেক রহমানের বিরুদ্ধে ৮০টির বেশি মামলা-যার বেশিরভাগই দুর্নীতিসংক্রান্ত-এ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, এসব মামলা আগের সরকারের আমলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, মামলাগুলোর বিচার ও তদন্ত হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

আল–জাজিরাকে দেওয়া এই সাক্ষাৎকারে দেশের সংখ্যালঘু পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা, নির্বাচন ও নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনা,এসব বিষয়েই বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত