সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৫:২৬ | আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৭:৪০
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ধানের নায্যমূল্য নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন অনিয়ম রুখতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক সমিতির সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুস্তম আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষক সমিতির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
তিনি কৃষকের উৎপাদিত ধানের নায্য মূল্য নিশ্চিত করা, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দুর্নীতি বন্ধ করা, কৃষকের সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার ও মটর চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, তেল, ডিজেল ও অকটেন সংকট নিরসন এবং কালোবাজারি বন্ধ করা, গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করা, চিকিৎসা ব্যবস্থার চরম অবনতি রোধে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ মূলত এই ৮টি প্রধান সংকটের কথা তুলে ধরে অবিলম্বে তা সমাধানের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, কৃষকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কৃষক তার ঘাম ঝরানো ফসলের দাম পাচ্ছে না, অথচ কৃষি উপকরণের দাম আকাশচুম্বী। বিদ্যুৎ নেই, সার ও তেলের কালোবাজারি চলছে। কৃষকের মটর ও ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে কিন্তু কোনো প্রতিকার নেই। সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত