সিংড়ায় পুকুরে ডুবে দুই প্রবাসীপুত্রের করুণ মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪০ | আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬
নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।নিহতরা হলো ফাহিম (১৩) ও তামিম (১২)। তারা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জামাদার এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে মা ফাতেমা বেগম তাদের পড়াশোনার জন্য বাবার বাড়িতে (সিংড়ার বড় আদিমপুর) অবস্থান করছিলেন। সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে তিনি তাদের স্থানীয় বিয়াস এলাকার একটি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। দুই ভাই-ই অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। নানার বাড়িতে থেকে মায়ের নিবিড় তদারকিতে তাদের পড়াশোনা চলছিল। কিন্তু এক নিমিষেই মায়ের সেই তিল তিল করে গড়া স্বপ্ন ও সাজানো সংসার লণ্ডভণ্ড হয়ে গেল।
এলাকাবাসী ও সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলার সময় সবার অলক্ষ্যে দুই ভাই পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টার দিকে পুকুরের পানিতে দুই ভাইকে ভাসতে দেখে স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁতার না জানা এবং অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই মেধাবী ও কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বগুড়া থেকে আসা স্বজন ও সহপাঠীদের মাঝেও চলছে শোকের মাতম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত