হরমুজ প্রণালি নিয়ে আজ শেষ ট্রাম্পের আলটিমেটাম, অনড় ইরান, কী অবস্থা তেলের দামের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১১:৩৬ | আপডেট : ৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪
হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরাইল যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ট্রাম্পের এই আলটিমেটাম ইরানের সময় অনুযায়ী আজ গভীর রাতে শেষ হচ্ছে। কিন্তু ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এ পরিস্থিতিতে আজ সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। দ্য গার্ডিয়ান দাম বৃদ্ধির এই খবর দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ স্যোশালে পোস্টে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। অন্যদিকে, ইসরাইল সতর্ক করেছে যে এ যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।
জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প শনিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিটে ওই পোস্টটি করেন। সে হিসাবে, হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরান সোমবার (২৩ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিট (তেহরান সময় ২৩ মার্চ দিবাগত রাত ৩টা ১৪ মিনিট) পর্যন্ত সময় পাচ্ছে।
জিএমটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ৬ ঘণ্টা। সেই অনুযায়ী, ট্রাম্পের দেয়া আলটিমেটামের শেষ সময় বাংলাদেশ সময় অনুযায়ী হবে মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৪ মিনিট।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলার হুমকি কার্যকর করলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ট্রাম্পের আলটিমেটামের পর তেহরানের পক্ষ থেকে আসা এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
ট্রাম্পের আলটিমেটাম আর ইরানের পাল্টা হুঁশিয়ারির প্রেক্ষিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যদিও পরে তা কিছুটা কমেছে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে থিতু হয়।
গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত