জামালপুর সদরের শরিফপুরে মালচিং পদ্ধতিতে টমেটো, মরিচ চাষে মাঠ দিবস

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭ |  আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১

জলবায়ু সহিষ্ণু মালচিং পদ্ধতিতে টমেটো/মরিচ চাষে উৎপাদক দলের সদস্যদের নিয়ে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের কিশমত শরিফপুরে মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এই মাঠ দিবস সম্পন্ন হয়েছে। ওয়াল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘের বাস্তবায়নে ক্লাইমেট স্মার্ট কৃষি: মালচিং পদ্ধতিতে টমেটো/মরিচ চাষের ফলাফল প্রদর্শন করা হয়। এবং জলবায়ু স্মার্ট কৃষি (CSA) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত  এই  অনুষ্ঠানে আধুনিক এই প্রযুক্তির বহুমুখী সুফল তুলে ধরা হয়।

মালচিং প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো: মাটির আর্দ্রতা ধরে রেখে সেচ খরচ ও পানির অপচয় কমানো। ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ হ্রাস করা। জমিতে আগাছা জন্মানো বন্ধ করা এবং বালাইনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষা করা। সারের যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা। উন্নত ও বিষমুক্ত ফলনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করা। মালচিং পদ্ধতিতে টমেটো/ মরিচ, ভুট্টাসহ অন্যান্য ফসল আবাদ করলে দ্বিগুন ফলন উৎপাদন ও লাভ দুটোই করা সম্ভব।

এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ওলাল্ড ভিশন বাংলাদেশের বিজনেস ডেলোপমেন্ট অফিসার মনির হোসেন ভুঁইয়া, জামালপুর সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা হীরা ও শাহনুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য মোসলেহ উদ্দিন মেম্বার। এছাড়া মোছা:মর্জিনা বেগম, কন্ট্রোফ অফিসার শাহ আলী। মাঠ দিবস অনুষ্ঠানে কয়েকজন উৎপাদক দলের সদস্যও বক্তব্য রাখেন।

আলোচকরা জানান, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মালচিং একটি অত্যন্ত কার্যকর প্রযুক্তি। এতে শ্রম ও খরচ দুই-ই কমে, আবার ফলন হয় বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত। আমরা এই সফলতাকে পুরো উপজেলায় ছড়িয়ে দিতে চাই। মাঠ দিবসে অংশগ্রহণকারী স্থানীয় কৃষকরা জানান, আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদে প্রচুর সার ও শ্রমিক লাগত, কিন্তু মালচিং পদ্ধতিতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে আরও বড় পরিসরে এই প্রযুক্তিতে সবজি চাষের পরিকল্পনা করছেন তারা। বক্তারা আরো জানান মালচিং পদ্ধতিতে টমেটো, মরিচ ও ভুট্টা আবাদ করলে ফলন যেমন দ্বিগুন হয় তেমনি বাজারে মূল্যও বেশি পাওয়া যায়। তাই মাঠ দিবসে মালচিং পদ্ধতিতে টমেটো, মরিচ, ভুট্টাসহ অন্যান্য ফসল আবাদ করার উপর গুরুত্বারোপ করেন আলোচকরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত